চায়ের রাজধানী শ্রীমঙ্গলে জমে উঠেছে কাঁঠালের বাজার

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে জমে উঠেছে কাঁঠালের বাজার

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের বিভিন্ন পয়েন্টে চাষিদের হরেক আকারের কাঁঠাল নিয়ে সারিবদ্ধভাবে বসে থাকতে দেখা গেছে।

​স্থানীয় চাষি ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, পাহাড় ও টিলাবেষ্টিত এই অঞ্চলের মাটির গুনাগুণের কারণে এখানকার কাঁঠাল অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি হয়। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এখানকার কৃষকেরা কোনো ধরনের রাসায়নিক বা ফরমালিন ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই কাঁঠাল চাষ করেন। ফলে মৌলভীবাজারের চায়ের পাশাপাশি এখানকার আনারস, কাঁঠাল, আম, জাম, লিচু ও কলার স্বাদ নিতে মুখিয়ে থাকেন দেশের নানা প্রান্তের মানুষ।

​মহাসড়কের পাশে বসে থাকা কয়েকজন কাঁঠাল চাষি জানান, প্রতি বছরই তারা এই সময়ে মহাসড়কের পাশে কাঁঠাল বিক্রি করতে বসেন। তবে অধিকাংশ সময়ই উপযুক্ত বাজার না পাওয়ায় অনেক কম দামে বা সস্তায় তাদের কাঁঠাল বিক্রি করে দিতে হয়। সিলেট বিভাগের অন্যান্য জায়গার তুলনায় এখানে কাঁঠালের ফলন ও বেচাকেনার এমন চোখ ধাঁধানো দৃশ্য আর কোথাও সচরাচর দেখা যায় না।

​কৃষকেরা আরও জানান, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার পর্যটন এলাকা হওয়ায় ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন প্রচুর মানুষ এখানে ঘুরতে আসেন। ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাতায়াতের সময় পর্যটকেরা গাড়ি থামিয়ে অত্যন্ত আগ্রহের সাথে এই তাজা ও ফরমালিনমুক্ত কাঁঠাল কিনে নিয়ে যান।

​এ বছর কাঁঠালের দাম কেমন—এমন প্রশ্নের জবাবে বিক্রেতারা সন্তোষ প্রকাশ করে বলেন, এবারের মৌসুমে কাঁঠালের ফলন যেমন ভালো হয়েছে, তেমনি দামও সাধারণ ক্রেতাদের সাধ্যের মধ্যে অর্থাৎ সীমিত রয়েছে। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়ই খুশি। চায়ের রাজধানীর এই সুস্বাদু ও পুষ্টিকর কাঁঠাল কিনতে প্রতিদিন সকাল থেকেই মহাসড়কের চারপাশ মুখরিত হয়ে উঠছে ক্রেতাদের ভিড়ে।

মন্তব্যসমূহ (০)


Lost Password