পেট্রোল পাম্পে গিয়ে বাইক বা গাড়িতে তেল ভরার সময় আমরা অনেকেই খুব সতর্ক থাকি। মিটারে ‘শূন্য’ (০) রয়েছে কি না, তা বারবার যাচাই করে নিই। কিন্তু আপনি কি জানেন, মিটার শূন্য থাকার পরও আপনি বড় ধরনের প্রতারণার শিকার হতে পারেন? বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে চতুর উপায়ে গ্রাহকদের ঠকানোর ঘটনা ঘটছে অহরহ। একটু সচেতন না হলে আপনার কষ্টের টাকা পকেটে যাওয়ার বদলে চলে যেতে পারে অসাধু ব্যবসায়ীদের হাতে।
রাউন্ড ফিগারে তেল ভরার বিপদ
আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের অভ্যাস হলো ১০০, ২০০ বা ৫০০ টাকার মতো রাউন্ড ফিগারে তেল কেনা। আর এই অভ্যাসটিকেই পুঁজি করে একদল অসাধু পাম্প মালিক। অভিযোগ রয়েছে, অনেক পাম্পে মেশিনের চিপ এমনভাবে সেট করা থাকে যে, রাউন্ড ফিগারে তেল চাইলে মেশিন স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম তেল দেয়। আপনি মিটারে টাকার অংক সঠিক দেখলেও আসলে আপনার ট্যাঙ্কিতে তেল কম যাচ্ছে। তাই এই ধরনের জালিয়াতি এড়াতে রাউন্ড ফিগারে তেল কেনা বন্ধ করা জরুরি।
প্রতারণা এড়ানোর সহজ কৌশল
এই ডিজিটাল ঠকবাজি থেকে বাঁচতে বিশেষজ্ঞরা টাকার বদলে লিটারের মাপে তেল নেওয়ার পরামর্শ দিচ্ছেন। উদাহরণস্বরূপ, আপনি ১০০ টাকার তেল না চেয়ে ১ লিটার বা ১.৫ লিটার তেল চাইতে পারেন। আর যদি টাকার হিসেবেই তেল নিতে হয়, তবে ১০০ বা ২০০ টাকার বদলে ১০৫ টাকা বা ২১০ টাকার মতো বিজোড় অংকের তেল নিন। এতে মেশিনের কারসাজি থাকলে তা ধরা পড়ে যাওয়ার বা কাজ না করার সম্ভাবনা বেশি থাকে। খুচরো টাকার সমস্যা হলে অনলাইন পেমেন্ট বা ইউপিআই (UPI) ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
পুরানো মেশিন ও ডিজিটাল মিটারের পার্থক্য
তেল ভরার সময় সবসময় আধুনিক ডিজিটাল মিটারযুক্ত পাম্প বেছে নেওয়া উচিত। অনেক পুরনো পাম্পে এখনো মান্ধাতা আমলের অ্যানালগ বা পুরনো প্রযুক্তির মেশিন ব্যবহার করা হয়, যেখানে কারচুপি করা অনেক সহজ। ডিজিটাল মেশিনে জালিয়াতির সুযোগ তুলনামূলক কম থাকলেও সতর্কতার বিকল্প নেই। তেল দেওয়ার সময় নজর রাখুন যেন মেশিনের রিডিং ০.০০ থেকে শুরু হয়।
গ্রাহক হিসেবে আপনার অধিকার মনে রাখবেন,
শুধু মিটার দেখা নয়, গ্রাহক হিসেবে আপনার আরও কিছু অধিকার রয়েছে। কোনো পাম্পে তেলের পরিমাণ নিয়ে সন্দেহ হলে আপনি তাদের কাছে 'ভেন্ডিং মেশিন ভেরিফিকেশন সার্টিফিকেট' দেখতে চাইতে পারেন। এছাড়া প্রতিটি পাম্পে ৫ লিটারের একটি পরিমাপক পাত্র থাকে, যা দিয়ে আপনি তেলের সঠিক পরিমাণ যাচাই করে নিতে পারেন। সচেতন থাকাই এই ধরনের অদৃশ্য চুরি থেকে বাঁচার একমাত্র উপায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন