চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর আহম্মাদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন (এবিয়ান) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এবিয়ান ফুটবল ফেস্টিভ্যাল সিজন-৪। গত কয়েক বছরের ন্যায় এবারও এ ফুটবল ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।
শনিবার (৩০ মে) সকালে র্যালির মাধ্যমে এ আন্তঃ ব্যাচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক এবিয়ান ও এলাকার জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। এ উৎসবকে ঘিরে শনিবার সকাল থেকে প্রিয় শিক্ষাঙ্গনের মাঠে জড়ো হতে থাকে এবিয়ানরা। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন ও শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় প্রতিযোগীতা। একে একে ৩৪ টি দলের ১৭ টি ম্যাচের পর আকাঙ্ক্ষিত সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে রাতে। চুড়ান্ত খেলায় এসএসসি ২০১১ ব্যাচ ২-১ গোলে ২০০৯ ব্যাচকে পরাজিত করে এবিয়ান ফুটবল ফেস্টিভ্যাল সিজন-৪ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি এলাকার জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এবিয়ান জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রভাষক আহসানউল্লাহ সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন নাহিদ, সদস্য সচিব জাফর আলী টুটুলসহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন