নওগাঁয় উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

নওগাঁয় উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

নওগাঁ জেলা পুলিশের বিশেষ উদ্যোগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপারসহ কোর অফিসাররা, জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিব এবং নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে গত জুন মাসে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সমন্বিত অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ১০১টি হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে সেগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর নিজের হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জেলা পুলিশের এই জনসেবামূলক উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। অনেকের কাছে এটি জীবনসঙ্গীর মতোই অপরিহার্য। জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে নওগাঁ জেলা পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।”

মন্তব্যসমূহ (০)


Lost Password