ভোগান্তি ও অনিয়ম ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সব ফিলিং স্টেশনে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ আজ বুধবার (৮ এপ্রিল) থেকে শুরু হয়েছে। উপজেলার ৭টি ফিলিং স্টেশন থেকে হয়রানি ছাড়াই তেল পেতে এবং অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অ্যাপ চালু করা হয়। এতে উপজেলা জুড়ে জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত হওয়ায় ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ৭টি ফিলিং স্টেশনে অ্যাপ স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর পৌরসভার দুটি পেট্রোল পাম্প যথাক্রমে লতিফুর রহমান ফিলিং স্টেশন ও রায়হান ফিলিং স্টেশনে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম সহ স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা প্রশাসন জানায়, নতুন এ ব্যবস্থাপনায় পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার সময় চালকের নাম, গাড়ির লাইসেন্স, নম্বর প্লেট ও তেলের পরিমাণ তাৎক্ষণিকভাবে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। বৈধ কাগজপত্র ছাড়া কোন যানবাহনকে তেল সরবরাহ করা হবে না। এ ব্যবস্থাপনায় একাধিকবার তেল সংগ্রহ, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি কমে আসবে। ফলে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ ভোক্তাদের ভোগান্তিও হ্রাস পাবে। পাম্প মালিকদের সাথে কথা হলে তারা জানান, প্রশাসনের এই উদ্যোগকে পাম্প মালিকরা স্বাগত জানিয়েছেন এবং সেই সাথে অ্যাপস ব্যবহারের সকল প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী জানান, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগে তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভবপর হবে। ফুয়েল অ্যাপ চালুর মূল লক্ষ্য হলো জ্বালানি তেলের কালোবাজারি, অবৈধ মজুদ ও একাধিকবার তেল নেওয়ার প্রবণতা বন্ধ করা। এখন থেকে সব গ্রাহককে অ্যাপ ব্যবহার করেই জ্বালানি তেল নিতে হবে। অ্যাপে তেল নেয়ার সময় তেলের পরিমাণ, গাড়ির মাইলেজ ও লাইসেন্স নম্বর সংরক্ষিত থাকবে। একটি মোটরসাইকেলে একবার ৫০০ টাকার তেল দেওয়া হবে এবং ৫দিন পর পুনরায় তেল নেওয়া যাবে। এর ব্যতিক্রম ঘটলে অ্যাপের মাধ্যমে তা শনাক্ত হবে। আজ বুধবার (৮ এপ্রিল) থেকে উপজেলার সবকটি ফিলিং স্টেশনে এই অ্যাপ চালু করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে গোমস্তাপুর উপজেলাবাসী উপকৃত হবেন এবং জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরে আসবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন