চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গোমস্তাপুর এর আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে “অভাব নয়–সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ" এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় রহনপুর রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয়ের দলনেতা আফিফা ইয়াসমিন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা ও কোট পরিদর্শক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, সুধীজন, স্থানীয় গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রহনপুর পূণর্ভবা মহনন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, খড়কাডাঙ্গা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুজ্জামান বাবু ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন। এই অনুষ্ঠানে মডারেটর হিসেবে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন। আলোচনা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন