নওগাঁর মান্দা উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মোঃ সারোয়ার হোসেন উজ্জ্বল পিতা মোঃ কছিম উদ্দিন গ্রাম কালিগ্রাম এর ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে দেওয়াসহ কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের কালিগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে, রবিবার আনুমানিক দুপুর ১২টার দিকে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কালিগ্রাম গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে রাজু আহমেদ (৪৫)-এর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে একই গ্রামের মোহাম্মদ কছিম উদ্দিনের ছেলে সারোয়ার হোসেন উজ্জ্বল (৪৫) গুরুতর আহত হন।
হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রসাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সারোয়ার হোসেন উজ্জ্বল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা জানান, “বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন