চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার উত্তরার পশ্চিম থানার ৫ নম্বর সেক্টর এলাকা থেকে ১২ দিন আত্মগোপনে থাকার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গোমস্তাপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।
পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদে অবস্থিত তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আশরাফ হোসেন আলীমের মালিকানাধীন মেসার্স রায়হান ফিলিং স্টেশনে নাচোল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল শওকত হোসেন একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল (মবিল) কিনতে গেলে আব্দুল্লাহ আল রায়হান সাথে কথাকাটাকাটির একপর্যায়ে রায়হান ওই পুলিশ সদস্যকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। সে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ঘটনায় কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার দিনই ফিলিং স্টেশনের ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, এ মামলায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আব্দুল্লাহ আল রায়হানকে আদালতে হাজির করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন