গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা।। পুশইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশী আটক

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা।। পুশইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশী আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে, ওই সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি ।

বিজিবি সূত্র জানায়, সোমবার রাত পৌনে ১১টার দিকে রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২৫/৩-আর-এর বিপরীতে বিএসএফ সদস্যরা স্থানীয় এক মাঝির সহায়তায় নৌকাযোগে ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে। পরে ওই নারীকে সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করতে দেখা যায়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এদিকে, পুশ-ইন চেষ্টায় সহায়তার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে গোমস্তাপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password