মান্দায় পোনামাছ অবমুক্তকরণ: মৎস্যজীবীদের ভাগ্যবদলের স্বপ্ন বুনে দিচ্ছেন এমপি টিপু

মান্দায় পোনামাছ অবমুক্তকরণ: মৎস্যজীবীদের ভাগ্যবদলের স্বপ্ন বুনে দিচ্ছেন এমপি টিপু

নওগাঁর মান্দায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ‘জবলই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ​

আজ মঙ্গলবার (০২ জুন) বেলা ১২টার দিকে উপজেলার ‘বিল মান্দা’ নামক স্থানে মান্দা উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের যৌথ উদ্যোগে এই পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ড. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।

​ ​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে বিল অঞ্চলের মৎস্য সম্পদ বৃদ্ধি ও স্থানীয়দের আমিষের চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির প্রথম ধাপে আজ বিলের জলাশয়ে প্রায় ৮০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। খুব শীঘ্রই দ্বিতীয় ধাপে একই এলাকায় আরও ৯০০ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে বলে নিশ্চিত করেছে মৎস্য বিভাগ। ​ ​

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ড. ইকরামুল বারী টিপু তাঁর বক্তব্যে বলেন, আজ আমরা এখানে পোনা অবমুক্ত করেছি এবং পরবর্তীতে আরও দেশীয় মাছের পোনা ছাড়া হবে। আমাদের মূল লক্ষ্য হলো স্থানীয় মৎস্যজীবীদের স্বাবলম্বী করা। বিলের চারপাশে যারা বসবাস করেন, তারা সবাই মিলে একটি সমিতি গঠন করে এই মাছগুলোর দেখভাল ও লালন-পালন করবেন। ​

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই-তিন মাস পর মাছ গুলো যখন বড় হবে, তখন মৎস্যজীবীরা এগুলো আহরণ করে বাজারে বিক্রি করে সরাসরি লাভবান হবেন। আগামী দুই-তিন বছর যদি আমরা এই প্রকল্প এভাবে চালু রাখতে পারি, তবে ইনশাআল্লাহ এই বিলের পাড়ের মৎস্যজীবী পরিবারগুলো পুরোপুরি স্বাবলম্বী হয়ে উঠবে। ​উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো.আবু সাইদ, প্রকল্প পরিচালক, মো. শামশুল করিম, নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আলী, মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, মান্দা উপজেলার যুবদলের সাধারন সম্পাদক মো. ওবায়দুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিল সংলগ্ন এলাকার বিপুল সংখ্যক মৎস্যজীবী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

স্থানীয় মৎস্যজীবীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এর মাধ্যমে তাদের ভাগ্যবদল হবে বলে আশা প্রকাশ করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password