মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি : গোমস্তাপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি : গোমস্তাপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে গৌরিপুর-কাওয়াভাষা গ্রামবাসী।

মানববন্ধনে অংশ নেয়া জনসাধারণ জানান, গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান কাওসার গত ৭ এপ্রিল রাতে স্থানীয় একটি আমবাগানে মদ্যপ অবস্থায় মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করেন।

স্থানীয়রা এ ঘটনার প্রতিবাদ করতে গেলে তিনি তাদের উপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেয়া হলে তিনি সাড়া দেননি। সেই ঘটনায় তার বিচারের দাবিতে রোববার এ মানববন্ধনের আয়োজন করে তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাম প্রধান নাদিমুল ইসলাম নাদিম, ইমাম সামাউন আলী, ছাত্র আশিকুল ইসলাম, গ্রামবাসী নাদির হোসেনসহ অন্যরা।

মানববন্ধন শেষে ইউএনও এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে স্মারকলিপি দেয় তারা। এ বিষয়ে অভিযুক্ত ওই শিক্ষকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password