ধর্মীয় ও কারিগরি শিক্ষার সমন্বয়ে দক্ষ নাগরিক গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর মান্দা উপজেলার সতীহাটস্থ বেড়াবাড়ী (ফকিরপাড়া) গনেশপুরে শুভ উদ্বোধন করা হলো 'আশরাফীয়া-রাজিয়া দারুল উলুম এতিমখানা ও কারিগরি শিক্ষা কেন্দ্র'।
শুক্রবার সকাল ৯টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচন ও দোয়া পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু।
অনুষ্ঠানের শুরুতে দেওয়ান তানজিলুর রহমান তনয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এরপর প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ এবং শিক্ষক হাফেজ মাওলানা মোনোয়ার হোসেন সুমধুর কণ্ঠে হামদ ও নাত পরিবেশন করেন। 
বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে দ্বীনি শিক্ষার সাথে কর্মমুখী কারিগরি শিক্ষার বিকল্প নেই। এই এতিমখানাটি এলাকার এতিম ও অসহায় শিশুদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, "সমাজ থেকে অন্ধকার দূর করতে শিক্ষার কোনো বিকল্প নেই। এতিমদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষিত করে তোলা অত্যন্ত সওয়াবের কাজ। এই প্রতিষ্ঠানটি মান্দার শিক্ষা প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।"
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ আরাফাত হোসেন রয়েল উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অত্র প্রতিষ্ঠানের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন