নওগাঁর মান্দায় “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ ও শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পাটচাষীদের মাঝে এসব পাটবীজ বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, গনেশপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লুৎফর রহমান ও রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাবেক সভাপতি জামিল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
এবারে বিজেআরআই-৮, বিজেআরআই সবুজ সোনা-৯ এবং জেআরও-৫২৪ জাতের পাটবীজ ২ হাজার ৫শত জন চাষীদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও একই সময়ে উপজেলা কৃষি অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু উপস্থিত থেকে এসব সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য এবারে উফসী আউশ ধান ১১ হাজার ৫শত জন, পাট ১শত ৫০ জন, গ্রীষ্মকালীন তিল ৭০ জন এবং গ্রীষ্মকালীন মুগ ডাল ৪০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজকেরা জানান, উন্নত জাতের বীজ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটসহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, যা কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন