নওগাঁর মান্দায় ২৭৬ কৃতী শিক্ষার্থী ও ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার

নওগাঁর মান্দায় ২৭৬ কৃতী শিক্ষার্থী ও ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার

নওগাঁর মান্দায় এসএসসি, দাখিল, জুনিয়র বৃত্তি, প্রাথমিক ও এবতেদায়ী বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ২৭৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনকারী ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) মান্দা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃতকরণ ২০২৬ এবং সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কৃতকরণ ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ একরামুল বারী টিপু।

সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। অনুষ্ঠানের তথ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষায় ২ হাজার ৮২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ৭৬০ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ (A+) অর্জনকারী ১৫৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অন্যদিকে দাখিল পরীক্ষায় ৯৭৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩০৬ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে A+ অর্জনকারী ৫ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছে।

এ ছাড়া জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় পর্যায়ে ট্যালেন্টপুলে ২৯ জন ও সাধারণ বৃত্তিতে ৬২ জন, জুনিয়র বৃত্তি মাদ্রাসা পর্যায়ে ট্যালেন্টপুলে ৪ জন, এবং এবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ বৃত্তিতে ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সব মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ২৭৬ জন কৃতী শিক্ষার্থী পুরস্কার লাভ করে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ছিল উল্লেখযোগ্য সাফল্য।

এসএসসি পরীক্ষায় ৬০ শতাংশের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান, বৃত্তি পরীক্ষায় ২টি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা পর্যায়ে ৬০ শতাংশের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক বৃত্তিতে ৭টি বিদ্যালয় পুরস্কৃত করা হয়। সব মিলিয়ে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা পায়। পুরস্কার গ্রহণ করতে আসা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর। কৃতী শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের মতে, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সফল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করার মাধ্যমে মান্দার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আয়োজন।

মন্তব্যসমূহ (০)


Lost Password