চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে । শনিবার (১৩ জুন) দুপুরে রহনপুর পৌর এলাকার পিরাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিম গাছ, মেহগনি গাছ, কাঁঠাল গাছ সহ উপজেলার বিভিন্ন স্থানে ফলজ বনজ ও ঔষধি গাছ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সকলকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইছাহাক আলি, উপজেলা বন বিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মনিরুজ্জামান সোহরাব, বিএনপি নেতা আশরাফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজন।
উপস্থিত বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সকলের অংশগ্রহণে এ বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন