অবৈধ বালু ব্যবসায়ী ও মাদক কারবারিদের হুঁশিয়ারি দিলেন খন্দকার আবু আশফাক

অবৈধ বালু ব্যবসায়ী ও মাদক কারবারিদের হুঁশিয়ারি দিলেন খন্দকার আবু আশফাক

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, "আমি তেলবাজি পছন্দ করি না। আমার নামের আগে 'মাটি ও মানুষের নেতা' বিশেষণ ব্যবহার করবেন না। এমনকি আজ থেকে আমার ছবি ব্যবহার করে কেউ কোনো ব্যানার-পোস্টারও তৈরি করবেন না।" আজ বৃহস্পতিবার বিকেলে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে এক শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কড়া নির্দেশনা দেন।

নবনির্বাচিত এই সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকায় অপরাধ দমনে আপোশহীন অবস্থানের কথা জানিয়ে বলেন, "আজ থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। এই জনপদে কোনো প্রকার মাদক ব্যাবসা চলতে দেওয়া হবে না।" একইসাথে তিনি নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে খন্দকার আবু আশফাক বলেন, "আপনারা স্বাধীনভাবে সত্য লিখবেন। ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই বিএনপি গত ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। সত্য প্রকাশে আমরা আপনাদের পাশে আছি।"

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিগ সিবগাত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তব্য শেষে তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সকল সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান এবং জনগণের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করেন। তাছাড়া এদিন সন্ধায় নবাবগ‌ঞ্জ এতিম খানায় এতিমদের সাথে ঢাকা-১ আসনের সাংসদ খন্দকার আবু আশফাকের ইফতারে অংশগ্রহন করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password