নওগাঁর মান্দা উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র পাঁজরভাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সর্বসম্মতিক্রমে ভুট্টোকে সভাপতি এবং মো. আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ৫ টায় পাঁজরভাঙ্গা বাজার হাজীর মার্কেটে আয়োজিত এক সাধারণ সভায় স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এবং বাজারের সার্বিক শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে আগামী মেয়াদের জন্য এই শক্তিশালী নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি এমরাজ আলী ভুট্টো তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, ব্যবসায়ীরা যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে তাকে এই দায়িত্ব দিয়েছেন, তিনি তার মর্যাদা রক্ষা করবেন। বিশেষ করে বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, বাজারের অবকাঠামোগত উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যা সমাধানে নতুন কমিটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। তিনি আরও উল্লেখ করেন যে, ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য।
এদিকে পাঁজরভাঙ্গা বাজারের নতুন এই কমিটিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাজারের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং ব্যবসা-বাণিজ্যে আরও গতিশীলতা ফিরবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন