নওগাঁর মান্দা উপজেলায় সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। সকালে কামারকুড়ি হাইস্কুল প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনের সূচনা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় দেশীয় ঐতিহ্যের বিভিন্ন উপাদান উপস্থাপনের মাধ্যমে বাঙালির সংস্কৃতির বহুমাত্রিক দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
এছাড়াও মান্দা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়, যা সকল বয়সী মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
নববর্ষকে কেন্দ্র করে অংশগ্রহণকারীরা অতীতের সকল গ্লানি পেছনে ফেলে উন্নয়ন, সম্প্রীতি ও অগ্রগতিমুখী একটি আগামীর প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন