নওগাঁর মান্দা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ৫০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রত্যেক উপকারভোগীর হাতে ২ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকার নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। নগদ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জানান, বিতরণ কার্যক্রমের প্রথম দিনে উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ১৪০ জন দুস্থ মানুষের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি উপকারভোগীদের মধ্যেও এই সহায়তা বিতরণ করা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন