মান্দায় চোলাই মদসহ দুই নারী মাদক কারবারি আটক

মান্দায় চোলাই মদসহ দুই নারী মাদক কারবারি আটক

নওগাঁর মান্দায় দেশীয় তৈরি ৩০ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চক সাবাই গ্রামের সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি শিমলা রানী (১৯) এবং রণজিত কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি সিমা (২৬)। এ ঘটনায় সুমন কুমার প্রামাণিক ও সন্তোষ কুমার প্রামাণিক নামে আরও দুই আসামি বর্তমানে পলাতক রয়েছেন। ​

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই (নিঃ) আশীষ কুমার সান্যালের নেতৃত্বে পুলিশের একটি দল দেলুয়াবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করছিল। এসময় তারা জানতে পারেন যে, চক সাবাই গ্রামে জনৈক সুমন কুমারের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি চোলাই মদ কেনাবেচা করছে।

সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে নারী কনস্টেবলের সহায়তায় ঘর তল্লাশি করে একটি সিলভারের পাতিল ও ৪০টি প্লাস্টিকের বোতলে রক্ষিত মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১২ হাজার টাকা। ​

মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যাল জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক উৎপাদন ও বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password